নিজস্ব প্রতিবেদক, চ্যানেল নিউজ :
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো — মিরপুরে ১৪৬ জন, ওয়ারীতে ৮০ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৫৭ জন, লালবাগে ৪৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরায় ৪১ জন এবং রমনায় ২১ জন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৩ জন এবং এসআরইউ ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে।
এছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।
Leave a Reply