ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ইউরোপা লিগে পুলিশ-সমর্থক সংঘর্ষ

ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ঘিরে ইউরোপা লিগে পুলিশ-সমর্থক সংঘর্ষ

চ্যানেল নিউজ ডেস্ক : ফিলিস্তিনের পক্ষে ব্যানার ও পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে ইউরোপা লিগের ম্যাচে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন সমর্থকরা। জর্জিয়ার বাতুমিতে তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলের হাপোয়েল বেয়ার শেভারের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল খেলা। পরে ম্যাচটি আবার শুরু হয় এবং ২-১ গোলে জয় পায় বেসিকতাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে রেফারি খেলা বন্ধ করে দেন। তখন দুই দলের কেউই গোল করতে পারেনি। এ সময় বেসিকতাস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

তুরস্কের সম্প্রচারমাধ্যম হাবেরতুর্কের প্রতিবেদন অনুযায়ী, সমর্থকদের লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করে জর্জিয়ার পুলিশ। এ সময় গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করেন সমর্থকরা।

ঘটনার পর এক বিবৃতিতে জর্জিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তোলে বেসিকতাস। ক্লাবটি জানায়, ম্যাচের আগে ও খেলা চলাকালে সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর এমন আচরণ নিন্দনীয়। একই সঙ্গে সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্ত সমর্থকদের দ্রুত সুস্থতা কামনা করে তারা।

সমর্থকদের সঙ্গে পুলিশের আচরণের নিন্দা জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশনও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, বেসিকতাস সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এ ঘটনার তদন্তের দাবিও জানাবে তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536