চ্যানেল নিউজ, ঢাকা, শুক্রবার (১৩ নভেম্বর): জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।’
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।
এজন্য প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক সরকারিভাবে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
Leave a Reply