সোহেল সরকার, নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীর ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আখতার হোসেন খান, সদস্য অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’।
এতে রাজধানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে দৈনিক ভোরের ডাক-এর সাংবাদিক সোহেল সরকারও দৈনিক নতুন কাগজ এর সাংবাদিক হালিমা খানম উপস্থিত ছিলেন।
সেমিনার ও কর্মশালায় সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, তথ্যের সত্যতা যাচাই, দায়িত্বশীল সংবাদ প্রকাশ, সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পেশাগত সততা এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, কর্তব্য ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় সাংবাদিকতার স্বাধীনতা ও দায়িত্বশীলতার সমন্বয়, জনস্বার্থ রক্ষা এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের সেমিনার ও কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গণমাধ্যমে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের চর্চা আরও সমৃদ্ধ হবে।
Leave a Reply