ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলমকে কক্সবাজার জেলা পুলিশে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে এই বদলি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ সেপ্টেম্বর সদর মডেল থানার তৎকালীন ওসি মো. শহিদুল ইসলামকে বদলি করে তার স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। পদায়নের তারিখ থেকে হিসাব করলে মাত্র ৫১ দিনের মাথায় তাকে বদলি করা হলো।
সদর থানায় দায়িত্ব পালনকালে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি অভিযান পরিচালিত হয়।
তবে তার দায়িত্ব পালন নিয়ে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে ফোন করেও অনেক সময় ওসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।
এ ছাড়া তার দায়িত্ব পালনকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালনের ঘটনাও আলোচনায় আসে। এসব কর্মসূচি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে।
তার বদলির আদেশের পর সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।
Leave a Reply