নিজস্ব প্রতিবেদক, চ্যানেল নিউজ : শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন দায়িত্ব পালন করছেন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় রয়েছেন ১৫ প্লাটুন।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল সক্রিয় রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
Leave a Reply