নারায়ণগঞ্জ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ায় চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এই যানজট বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। এতে প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রামমুখী লেনে নবাবাড়ী থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ সারিতে যানবাহন ধীরগতিতে চলছে। মাঝে মধ্যে কিছুটা গতি ফিরলেও আবার দীর্ঘ সময়ের জন্য থেমে যাচ্ছে গাড়ির চাকা।
ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় যাত্রী ও চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী যাত্রী মো. শাহাদাত বলেন, কয়েক মিনিটের পথ যেতে এখন ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। অফিস টাইমে এভাবে আটকে থাকা খুবই কষ্টকর।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, মধ্যরাতে ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারালে মালবাহী ট্রাকটি ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় ট্রাকের মালামাল মহাসড়কে ছড়িয়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। ইতোমধ্যে সার্ভিস লেন চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply