গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের জিপে আগুন

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের জিপে আগুন

গাজীপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভে নামেন শ্রমিকরা।

এ সময় মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার আশিক সাঈদ।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন।

এ বিষয়ে পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি পুলিশের জিপ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। গাড়ি থেকে নামার পর আশপাশের বিভিন্ন গলি থেকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, শ্রমিকরা আগে থেকেই গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন গাড়িটির চারপাশে জড়ো হয়ে যাওয়ায় সেটি সরানো সম্ভব হয়নি। পরে গাড়িটিতে আগুন দেওয়া হয়। তবে তিনি নিরাপদে রয়েছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536