ওয়ারীতে আবাসিক হোটেলে ধারালো অস্ত্রের হামলায় ম্যানেজার নিহত, আহত ২

ওয়ারীতে আবাসিক হোটেলে ধারালো অস্ত্রের হামলায় ম্যানেজার নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চ্যানেল নিউজ : রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক (এমডি) আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া শুক্রবার (২৭ নভেম্বর) জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এরপর তারা ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে এমডি আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন মিয়া জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

হামলায় আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। অন্যদিকে, হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536