রাজশাহীতে জমে উঠেছে ফুটপাতের শীতের পোশাকের বাজার

রাজশাহীতে জমে উঠেছে ফুটপাতের শীতের পোশাকের বাজার

রাজশাহী প্রতিনিধি, চ্যানেল নিউজ : রাজশাহীতে এখনো শীত জেঁকে বসেনি। তবে সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা আর কুয়াশা জানিয়ে দিচ্ছে শীত আসছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গেই নগরীর ফুটপাতগুলোতে জমে উঠেছে গরম কাপড়ের বাজার। কম দামে পছন্দের পোশাক কিনতে সেখানে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে নগরীর সাহেববাজার এলাকার ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়। একই চিত্র ছিল রাণীবাজার গোলচত্বর এলাকাতেও। সেখানে শীতের পোশাকের পাশাপাশি কম্বল কিনতেও ভিড় করছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, ফুটপাতে তুলনামূলক কম দামে পোশাক পাওয়া যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এই বাজার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেই অনেকেই পছন্দের শীতবস্ত্র কিনতে পারছেন। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, সচ্ছল পরিবারের ক্রেতারাও এসব দোকান থেকে পোশাক কিনছেন।

ছেলের জন্য সোয়েটার কিনতে আসা গৃহিণী সুইটি আক্তার বলেন, কম দামে ভালো পোশাক পাওয়া যায় বলেই ফুটপাত থেকে কেনাকাটা করতে এসেছেন। তার ভাষ্য, ফুটপাতে ৩০০ টাকায় যে পোশাক পাওয়া যায়, বিপণিবিতানে সেটার দাম ৮০০ টাকা পর্যন্ত চাওয়া হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য ফুটপাতের পোশাক অনেক সুবিধাজনক।

রাজশাহী কলেজের শিক্ষার্থী হিমেল বলেন, শোরুমে শীতের পোশাকের দাম তুলনামূলক অনেক বেশি। সীমিত বাজেটের কারণে তিনি ফুটপাতের দোকানেই পোশাক খুঁজছেন। অল্প টাকায় এখান থেকে ভালো মানের পোশাক পাওয়া যায় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536