শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা: বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা: বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি, চ্যানেল নিউজ: বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়। প্রতিবেদনে শিশুটিকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নিহত নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।

গত ৯ নভেম্বর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের অভিযোগ, শুরু থেকেই তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এখন নতুন করে হত্যা মামলা করার কথা বলা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এসেছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতোমধ্যে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536