শীতের সবজি বাজারে এলেও কমছে না দাম, স্বস্তি নেই ক্রেতাদের

শীতের সবজি বাজারে এলেও কমছে না দাম, স্বস্তি নেই ক্রেতাদের

কাজী জহির উদ্দিন তিতাস, চ্যানেল নিউজ, ঢাকা, শুক্রবার (১৩ নভেম্বর)  : রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করেছে। সরবরাহ কিছুটা বাড়লেও দাম কমার কোনো লক্ষণ নেই। নতুন আলু, গাজর, টমেটোসহ বেশিরভাগ সবজিই এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরছেন সাধারণ ক্রেতারা।

আজ রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়, অথচ পুরোনো আলু পাওয়া যাচ্ছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। গাজর ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা এবং পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, শিম ৬০-৮০ টাকা, শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে করলা ৭০-৮০ টাকা, বরবটি ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা কেজি। কাঁচা মরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে ২০ টাকা, লাউ ৫০-৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি।

শসার ক্ষেত্রেও রয়েছে পার্থক্য – দেশি শসা ৮০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, বড় রসুন ১৮০ টাকা এবং আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৪০ থেকে ৬০ টাকা।

সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

*বিক্রেতারা যা বলছেন:*
বিক্রেতাদের দাবি, শীতের সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। চাহিদার তুলনায় সরবরাহ কম এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি। ডিসেম্বরে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

*ক্রেতাদের ক্ষোভ:*
বাজার করতে আসা ক্রেতা আবদুস সোবহান বলেন, “বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছে না। অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলেন ডিসেম্বরে কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু আমাদের তো প্রতিদিনই বাজার করতে হয়।”

*মুরগি-ডিম-মাছের বাজার:*
ব্রয়লার মুরগি গত কয়েক মাস ১৯০-২০০ টাকায় বিক্রি হলেও এখন বাজারভেদে ১৭০-১৮০ টাকায় নেমেছে। লেয়ার মুরগি ২৩০-২৪০ টাকা কেজি। ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার আগের মতোই চড়া। রুই ২৫০-৩৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০-৮০০ টাকা এবং পাবদা ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কিছুটা কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536