মো: সাইমন, চ্যানেল নিউজ : দেশের চলমান গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি—এনডিপি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মজিবুর রহমান দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহের ঘাটতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, গ্যাস সংকট এখন শুধু জ্বালানি সমস্যা নয়; এটি মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা।
বিবৃতিতে বলা হয়, বাসাবাড়িতে গ্যাসের স্বল্পতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় গ্যাসের চাপ কম থাকায় অনেক পরিবার সময়মতো রান্না করতে পারছেন না। বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে তাদের বাড়তি অর্থ ব্যয় হচ্ছে।
গ্যাস সংকটের কারণে সিএনজি চালিত অটোরিকশা, গাড়ি ও গণপরিবহন খাতও সমস্যার মুখে পড়েছে। বিভিন্ন সিএনজি স্টেশনে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি তাদের আয়ও কমে যাচ্ছে।
এ সংকটের প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপরও। যানবাহনের সংকট ও চলাচলে বিঘ্নের কারণে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
এছাড়া গ্যাসের অভাবে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনডিপির পক্ষ থেকে সরকারের কাছে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং আবাসিক, শিল্প ও পরিবহন খাতে সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
এনডিপি মহাসচিব মজিবুর রহমান বলেন, গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব জনজীবনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও আরও বিস্তৃত হতে পারে। তাই জনদুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Leave a Reply