লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

চ্যানেল নিউজ ডেস্ক : সরকারবিরোধী আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির মধ্যেই দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) সপরিবারে বিদেশ সফরে রয়েছেন। ১৭ দিনের এই সফরে এমপিদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৭১ জন রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তবে জামায়াতের নেতাদের দাবি, এটি কোনো আকস্মিক বিদেশ সফর নয়। জনপ্রতিনিধিদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, সংসদীয় রীতিনীতি ও বিভিন্ন দেশের অর্থনৈতিক কাঠামো সম্পর্কে ধারণা দিতে পূর্বনির্ধারিত প্রশিক্ষণমূলক কর্মসূচির অংশ হিসেবে এ সফরের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সফরকারী দলের সদস্যরা গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে তাঁরা দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক ব্যুরো প্রধান মাসজলি মালিকের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা, জবাবদিহি এবং বিশ্বজুড়ে সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

মালয়েশিয়া সফর শেষে ১৭ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি সিঙ্গাপুরে যায়। সেখানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি সিম্পোজিয়ামে অংশ নেন তাঁরা।

বর্তমানে প্রতিনিধিদলের সদস্যরা ফিলিপাইনে অবস্থান করছেন। সেখানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁদের বৈঠক করার কথা রয়েছে। পাশাপাশি দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানও পরিদর্শন করছেন তাঁরা।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে বাহরাইনে যাত্রাবিরতি দিয়ে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের। সেখানে ওমরাহ পালন শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

সফরকারী দলের সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন এবং মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, দলের আমির ও জাতীয় সংসদের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেই এই সফর করা হচ্ছে।

তাঁদের ভাষ্য, জামায়াতের অনেক নেতা এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন উন্নত দেশ কীভাবে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়েছে এবং তাদের সংসদীয় ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হয়—এসব বিষয়ে জনপ্রতিনিধিদের ধারণা বাড়াতেই সফরটি আয়োজন করা হয়েছে।

দলের প্রচার ও মিডিয়া সেল জানিয়েছে, এটি একটি চলমান কর্মসূচির অংশ। ভবিষ্যতে তরুণ নেতৃত্ব ও ছাত্রনেতাদেরও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 September 2026

লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ লিংক কমেন্টসে