ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির (বিআরসি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় নারী, পুরুষ, শিশু ও ৫০ বছরের বেশি বয়সীসহ জেলার বিভিন্ন বয়সের শতাধিক দৌড়বিদ অংশ নেন।
২০২১ সালের ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি। আয়োজকদের দাবি, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ছোট-বড় মিলিয়ে ১০টি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে ৫ কিলোমিটার সাঁতারসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রানিং কমিউনিটি গড়ে উঠছে এবং স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে সংগঠনটি।
বিআরসির প্রতিষ্ঠায় প্রফেসর দিলারা আক্তার খান, প্রভাষক রাজন মিয়া ও অলি আহাদ রতনের ভূমিকার কথা তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি রানার কাজী টুটুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অবদানের কথাও উল্লেখ করা হয়।
ফান রানে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরসির প্রতিষ্ঠাতা, অ্যাডমিন ও উপদেষ্টাসহ আয়োজকরা। এ সময় প্রফেসর দিলারা আক্তার খান, সকালের তিতাসের কোচ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ, সকালের তিতাসের অধিনায়ক ভিপি জহিরুল হক জহিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রানিং কমিউনিটি গড়ে তুলে স্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখায় কয়েকটি রানার্স কমিউনিটিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির মূল স্লোগান— “Run to earn life—জীবনের জন্য দৌড়”। আয়োজকদের মতে, নিয়মিত দৌড় ও শারীরিক অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সফল করতে দৌড়বিদ, শুভাকাঙ্ক্ষী, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্পন্সর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটি। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বিআরসির প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন অলি আহাদ রতন।
Leave a Reply