নিজস্ব প্রতিবেদক, চ্যানেল নিউজ : ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭-এর আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
এ ছাড়া, বইমেলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ।
এদিকে বাংলা একাডেমির সূত্র জানিয়েছে, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে অমর একুশে বইমেলার তারিখ এগিয়ে আনার দাবি জানিয়েছেন প্রকাশকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Leave a Reply