চ্যানেল নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত ও হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান ও তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইয়েমেন সংঘাত বা সৌদি আরবের পক্ষে যেকোনো সামরিক হস্তক্ষেপে যুক্ত হলে দেশ দুটিকে ‘কঠোর ও নির্মম’ জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ইরাকি টেলিভিশন অনুষ্ঠান ‘অ্যানাদার রিডিং’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও ধামার প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-বুখাইতি।
আল-বুখাইতি বলেন, ‘আল্লাহর কসম, তুরস্ক ও পাকিস্তান যদি এতে জড়িত হয়, তবে আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’ পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবের পক্ষে ইয়েমেনে হস্তক্ষেপ করলে তাদের একটি শিক্ষা দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
সৌদি আরবের ওপর হুথিদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর রিয়াদ, ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যবর্তী যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এর প্রেক্ষাপটেই হুথিদের পক্ষ থেকে এই বার্তা এলো।
তবে আল-বুখাইতি জানান, পাকিস্তান ও তুরস্কের সাধারণ জনগণের মনে ইয়েমেনের জন্য গভীর সহানুভূতি রয়েছে বলে তিনি মনে করেন। তাই এই হুঁশিয়ারি মূলত তাদের সরকারের জন্য, যদি তারা সামরিকভাবে এতে জড়ায়।
চলতি বছরের ৭ আগস্ট তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে তিনপক্ষীয় একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে যৌথ দায়িত্ব ও সুরক্ষার নীতিতে গঠিত এই চুক্তির মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রতিরক্ষা শক্তি বাড়ানো। চুক্তি অনুযায়ী, অংশীদার যেকোনো একটি দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ বলে গণ্য করা হবে।
Leave a Reply