পার্বতীপুর প্রতিনিধি, চ্যানেল নিউজ : :চার মাস ১২ দিন পর নিজ পদে প্রত্যাবর্তন, এমডি পদে ঘন ঘন বদলি নিয়ে খনি সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনরায় যোগদান করেছেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন। গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পুনরায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন বিভাগে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত ছিলেন।
প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন ২০২৫ সালের ১ জানুয়ারি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চলতি দায়িত্বে যোগদান করেন। পরে একই বছরের ১১ ফেব্রুয়ারি তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। এরপর ২০২৬ সালের ২ জুন তাঁকে মধ্যপাড়া থেকে পেট্রোবাংলায় বদলি করা হয়। ওই সময় তাঁকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছিল।
প্রায় চার মাস ১২ দিন পর আবারও মধ্যপাড়া খনির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ফিরলেন তিনি। এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২ জুন পর্যন্ত প্রায় এক বছর পাঁচ মাস দায়িত্ব পালন করেন প্রকৌশলী জোবায়েদ হোসেন।
Leave a Reply