ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড-পীরবাড়ি সড়কে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ—হাত-পা বেঁধে তার কাছ থেকে লুট করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে, বিশ্বরোড-পীরবাড়ি সড়কের সুহিলপুর বাজার সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগী সাগর নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি পীরবাড়ির ‘কমফোর্ট সুজ’ কোম্পানিতে এসআর হিসেবে কর্মরত।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পীরবাড়ির উদ্দেশ্যে রওনা হন সাগর। পথিমধ্যে সুহিলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে অটোরিকশায় থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয় বলে অভিযোগ।
একপর্যায়ে তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলা হয়। পরে তার কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে তাকে ফেলে রেখে যায় বলে অভিযোগ ভুক্তভোগীর।
ঘটনার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, বিশ্বরোড-পীরবাড়ি সড়কের নির্জন অংশে রাতের বেলায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং লুট হওয়া টাকা ও মোবাইল উদ্ধারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।
Leave a Reply