রনজিলার মৃত্যু তদন্তে নতুন মোড়

রনজিলার মৃত্যু তদন্তে নতুন মোড়

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। ঘটনার দুই সপ্তাহ পর গোয়েন্দা পুলিশ (ডিবি) খোকন ও রাজীব মাতব্বর নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

ডিবির দাবি, তারাই রনজিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে নিহত শিক্ষিকার ব্যাগ, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, র‌্যাব এর আগে যাদের গ্রেপ্তার করেছিল, তাদের সঙ্গে রনজিলার মৃত্যুর ঘটনার সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে নতুন করে দুইজনকে শনাক্ত করা হয়েছে।

রনজিলা পারভীন (৫৬) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য গত ২৯ আগস্ট স্বামী আবদুল মতিনকে সঙ্গে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুরে নেমে রিকশায় ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে মানিক মিয়া অ্যাভিনিউতে ছিনতাইকারীর কবলে পড়েন।

স্বামীর বর্ণনা অনুযায়ী, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রনজিলার ব্যাগ ধরে টান দেন। হেঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
16 September 2026

রনজিলার মৃত্যু তদন্তে নতুন মোড়

বিস্তারিত কমেন্টসে