পঞ্চগড় প্রতিনিধি, চ্যানেল নিউজ :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের অনুভূতি দিন দিন বাড়ছে। টানা চার দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। ভোরের হালকা কুয়াশা, রাতের হিমেল বাতাস আর সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। এ নিয়ে টানা চার দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলছে। দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। তবে বিকেল থেকে ঠান্ডা বাড়তে শুরু করে। সন্ধ্যা, রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News