জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ গীতা রানী পালকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান।
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন তিনি।
রবিবার রাতে হরিনাম সংকীর্তন ও কার্তিক যজ্ঞ মহোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গীতা রানী পালকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় অংশ নেন কুমিল্লার অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. যুগল ব্রহ্মচারী।
জানা যায়, ১৯৭৮ সালে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে গীতা রানী পালের শিক্ষকতা জীবন শুরু হয়। একই বছর তিনি নাছরীন নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও যোগদান করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৮ সালে ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৪ সালে তিনি অবসরোত্তর ছুটিতে যান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। একজন শিক্ষক তাঁর জ্ঞান, মেধা ও আদর্শ দিয়ে একটি প্রজন্মকে আলোকিত করেন। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষাও দেন। তাই একজন শিক্ষকের অবদান কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; তাঁর শিক্ষা ও আদর্শ শিক্ষার্থীদের জীবনে আজীবন পথপ্রদর্শক হয়ে থাকে।'
বক্তারা বলেন, 'গীতা রানী পাল শিক্ষকতা জীবনে বেশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ওনার দায়িত্ববোধ থেকে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।'
বক্তারা আরো বলেন, 'একজন শিক্ষক অবসরে গেলেও সমাজের প্রতি তাঁর দায়িত্ব ও অবদান মুছে যায় না। বরং তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের জীবনে রেখে যাওয়া প্রভাবই তাঁকে স্মরণীয় করে রাখে। গীতা রানী পালের এই সংবর্ধনা শিক্ষকসমাজের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শিক্ষকতার মহৎ আদর্শ তুলে ধরবে।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণের সভাপতি হিরালাল সাহা, সাধারন সম্পাদক আশীষ ব্রহ্মচারী, তাপস ভৌমিক, আশীষ বিশ্বাস, অশীষ বিশ্বাস, জয়ন্ত দাস, সুদীপ্ত সাহা প্রমুখ। এ সময় সংবর্ধিত শিক্ষক গীতা রানী পালকে ক্রেস্ট, শ্রীমদভগবত গীতাসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করা হয়।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News