মোংলা (বাগেরহাট) প্রতিনিধি, চ্যানেল নিউজ : পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মোহাম্মদ সমির (৪০)।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সমিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় এসআরবি-০৯, সিলেটের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। পরে তাঁকে মোংলা থানায় আনা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ অক্টোবর বিকেলে একই ভবনের তৃতীয় তলায় খেলছিল ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে। অভিযোগ, ওই সময় আসামি শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করেন। আসামি ও শিশুটির পরিবার একই ভবনে বসবাস করত।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান সমির। পুলিশ জানায়, দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে সিলেটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আতিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তাঁর বিরুদ্ধে প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News