আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি ঘোষণার পর এক পক্ষ আনন্দ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে আগে থেকে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো সড়ক বাজার এলাকায়।
সংঘর্ষ চলাকালে দলীয় কার্যালয়ের ভেতরে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে। এ সময় বিএনপি কার্যালয়সহ পাশের চারটি দোকানে ভাঙচুর চালানো হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, নতুন কমিটির নেতাকর্মীরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী। কমিটিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদও ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News