ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কী নিয়ে তাদের মধ্যে বিরোধ, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওই বিরোধের জেরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এনাম খাঁ ও আক্তার হোসেন সম্পর্কে নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News