ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বটতলী নাটাই এলাকায় পিওর সুইটমিট অ্যান্ড বেকারি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনের উপকরণ ও প্রস্তুত পণ্য সংরক্ষণে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে নোংরা পরিবেশে খোলাভাবে বেকারি পণ্য সংরক্ষণ, অপরিষ্কার ও স্যাঁতসেঁতে বক্সে চিনির গুঁড়া রাখা এবং খোলা, ঢাকনাবিহীন ও লেবেলবিহীন অবস্থায় কুকিজের খামির সংরক্ষণ।
এ ছাড়া নোংরা দেয়ালের পাশে মিষ্টির ছানা পানি ঝরানোর জন্য রাখা, লেবেলবিহীনভাবে কেকের কাঁচামাল ও কেকের ছাঁটাই করা অংশ সংরক্ষণের মতো অনিয়মও পাওয়া যায়। পাশাপাশি মিষ্টির সিরায় ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া গেছে।
অভিযান চলাকালে কারখানাটিতে ব্যবহৃত কাঁচামালের ক্রয় চালান এবং উৎপাদিত সব পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
এসব অনিয়মের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের মালিকের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আরোপ করেন। পরে তা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News