বান্দরবান প্রতিনিধি, চ্যানেল নিউজ : বান্দরবানের আলীকদম-থানচি সড়কের দুর্গম এলাকায় যাত্রীবাহী একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের ২১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে কয়েকজন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি জিপ থানচির তিন্দু বাজার, নাফাখুম ও অমিয়াখুমের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্গম পাহাড়ি সড়কের ঢালু অংশ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে জিপটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও পাঁচ যাত্রী।
খবর পেয়ে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনাস্থলটি পাহাড়ি ও দুর্গম হওয়ার পাশাপাশি সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে নিহত দুজনের মরদেহ আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News