
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে মো. মিজান নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকার একটি রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রেলসেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে আখাউড়া থানা ও আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ সময় মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, পরিচয়পত্র ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপ’ এবং নাম হিসেবে ‘মো. মিজান’ উল্লেখ রয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় ও স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের ভাষ্য, মরদেহের মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. কাদের জানান, মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ট্রেনের ধাক্কা কিংবা ট্রেন থেকে পড়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে।
অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, রেলসেতুটির দুই পাশে জাল দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহটি ভেসে আসার সুযোগ নেই। ফলে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানান তিনি।
মরদেহের পরিচয় নিশ্চিত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত
Channel News