চ্যানেল নিউজ ডেস্ক :চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরুর সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী বছরের প্রথম দিকে এসব নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয় এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী বছর ৬ জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনই কোনো ঝুঁকি দেখছেন না বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও হাটবাজারে সৌরবিদ্যুৎ উৎপাদন করা হবে। এ কর্মসূচিতে প্রাথমিকভাবে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্থানীয় সরকারের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এলজিইডি সদর দফতর, সমস্ত সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী এলজিইডির দফতরগুলো, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা বাংলাদেশের যত হাটবাজার বা গ্রোথ সেন্টার আছে এটা সংখ্যা ৬ হাজার ৫৪৪টি। এই ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের রুফটপে বা ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি। এজন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমরা এডিবি বরাদ্দ থেকে টাকা ছাড় করেছি এবং আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এই কর্মসূচি আগামী জানুয়ারির ২৭ তারিখের মধ্যে বাস্তবায়নের জন্য এ সমস্ত প্রতিষ্ঠানগুলোতে টাকা ছাড় করেছি ৩৭০ কোটি টাকা।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাব নিয়েছি এবং মন্ত্রিপরিষদ বিভাগেও তার একটা হিসাব দিয়েছে যে ৫ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাদে সোলার প্যানেলের মাধ্যমে খরচ হবে প্লাস-মাইনাস ৩ লক্ষ ২৬ হাজার টাকা। এই ৩ লক্ষ ২৬ হাজার টাকার হিসাবকে প্লাস-মাইনাস করেই আমরা বাংলাদেশের সমস্ত ইউনিয়ন পরিষদ যেখানে বিল্ডিং আছে ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। সাড়ে তিন হাজার ইউনিয়ন পরিষদে আমরা টাকা ছাড় করেছি।
★সম্পাদক ও প্রকাশক :: কাজী জহির উদ্দিন তিতাস★
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ১০৭ খান ম্যানশন, নবম তলা, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১১২৫৯৩১৬
Channel News